ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলা ছিল ‘ভয়াবহ’। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।ট্রাম্প দাবি করেন, ইরান এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যা দিয়ে সমুদ্রে মাইন পাতা সম্ভব। মার্কিন বাহিনী সেই রকেট ধ্বংস করেছে। একই সঙ্গে ইরান ধ্বংস হয়ে যাওয়া রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবার চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প।তিনি বলেন, ‘গত রাতের হামলা ছিল খুবই ভয়াবহ। আমরা যখন চাই, তখনই আবার হামলা চালাতে প্রস্তুত।’ ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বহনকারী বহু জাহাজ চলাচল করে এবং যুক্তরাষ্ট্র সেগুলোর অনেকগুলোকে থামিয়ে দিচ্ছে।এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও সক্ষমতা লক্ষ্য করে নতুন দফার হামলা শেষ করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা, সামুদ্রিক সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন পাতা-সংক্রান্ত সক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা।
সূত্র: শাফাক নিউজ