সাংবাদিক রাহাত রূপান্তর সড়ক দুর্ঘটনায় আহত
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ দৈনিক কালবেলা-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাহাত রূপান্তর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা থেকে বগুড়ায় ফেরার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাহাত রূপান্তর জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় সড়ক মেরামতের কাজ চলছিল। তবে সেখানে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। হঠাৎ লেন পরিবর্তনের সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যান তিনি।
এতে তার হাত, মুখ ও পায়ের বিভিন্ন অংশে ক্ষত হয় এবং কোমরের বাম পাশে মারাত্মক আঘাত পান। তবে মাথায় হেলমেট পরা থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় আলাউদ্দিন নামের এক ব্যক্তি তাকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একজন পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে সাংবাদিক রাহাত রূপান্তর বাড়িতেই বিশ্রামে রয়েছেন।
তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।