কলেন হুভারের বই থেকে সিনেমা, অভিনয়ে অ্যান হ্যাথাওয়ে
নিজস্ব প্রতিবেদক।
বর্তমানে তরুণদের কাছে প্রিয় নাম কলেন হুভার। তিনি ঔপন্যাসিক। মূলত কিছুটা রোমান্টিক ধারার গল্প বলেন। এবার তার উপন্যাস ভ্যারিটি থেকে নির্মিত হচ্ছে সিনেমা। এতে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। সিনেমায় তার চরিত্রের নাম ভ্যারিটি ক্রফোর্ড। ভ্যারিটির গল্পটা খুবই সাধারণ হলেও আগ্রহজাগানিয়া। ভ্যারিটি ক্রফোর্ডকে নিয়েই কাহিনী এগোয়। তিনি একজন লেখিকা। সাম্প্রতিক থ্রিলারটি শেষ করতে পারছেন না। কেননা একটা দুর্ঘটনায় শারীরিকভাবে আঘাত পেয়ে তিনি আগের মতো কাজ করতে পারছেন না। সে সময় ভ্যারিটির স্বামী জেরেমি, উঠতি লেখক লোয়েনকে কিছু টাকার বিনিময়ে উপন্যাসটা শেষ করার কাজ দেন। লোয়েন তা শুরু করে ভ্যারিটি ও তার পরিবারের বিষয়ে কিছু কথা জানতে পারে। এতে তার মনে হয় ভ্যারিটি কোনো প্রতিভাবান ঔপন্যাসিক নন বরং একজন সাইকোপ্যাথ। সিনেমাটি নির্মিত হচ্ছে অ্যামাজন এমজিএমের ব্যানারে। পরিচালনা করবেন মাইকেল শোয়াল্টার। এ বছরই তিনি হ্যাথাওয়ের সঙ্গে ‘দি আইডিয়া অব ইউ’ নামের রম-কম পরিচালনা করেছিলেন। সিনেমাটি কোনো ওটিটি নয় বরং বড় পর্দায় মুক্তি দেয়া হবে। এর চিত্রনাট্য লিখেছেন নিক অ্যানটোসকা। ভ্যারিটি প্রযোজনা করছেন অ্যান হ্যাথাওয়ে, কলেন হুভার ও মাইকেল শোয়াল্টার। এর সঙ্গে আরো কয়েকজন প্রযোজক থাকছেন।
২০১৮ সালে কলেন হুভার ভ্যারিটি প্রকাশ করেন নিজ উদ্যোগে। সেল্ফ পাবলিশড হলেও বইটি প্রকাশের পর দারুণ জনপ্রিয়তা পায়। ২০২৩ পর্যন্ত এ বই প্রায় ১০ লাখ কপি বিক্রি হয়েছে। এটিকে গথিক, সাইকোসেক্সুয়াল উপাধি দিয়েছেন অনেকে। ড্যাফনে দ্যু মারিয়ের রেবেকা ও জিলিয়ান ফ্লিনের গন গার্ল উপন্যাস দুটির ধারাকে অনুসরণ করে ভ্যারিটি।
হুভার সারা বিশ্বেই জনপ্রিয়। বাংলাদেশেও তার বহু পাঠক আছে। আর সিনেমার ক্ষেত্রেও তিনি নতুন নন। এ বছরই মুক্তি পেয়েছে তার ‘ইট এন্ডস উইথ আস’ থেকে নির্মিত একই নামের সিনেমা। জাস্টিন বালদোনি পরিচালিত সিনেমাটি আয় করেছে প্রায় ৩৫ কোটি ডলার। সিনেমার নির্মাণ ব্যয় ছিল মাত্র আড়াই কোটি ডলার।
এদিকে অ্যান হ্যাথাওয়ের হাতেও আছে বেশকিছু সিনেমা। ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমার পাশাপাশি তাকে দেখা যাবে ‘মাদার্স ইন্সটিংকট’ নামের সিনেমায়।