নিজস্ব প্রতিবেদন : কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার মহুরিপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর নয়াপাাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (৪৭)। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক কারবারিদের ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিক্সা যোগে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আনোয়ারা থানার কালা বিবি দিঘির মোড়ে অভিযান চালিয়ে একটি অটোরিকশা আটক করে।এসময় ২ যাত্রীকে তল্লাশি করে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০পিস ইয়াবা উদ্ধার করে। ২ কারবারিকে গ্রেপ্তার ও অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, র্যাব-৭ এর অভিযানে গ্রেপ্তার ২ মাদক কারবারিকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সূত্র – কাল বেলা