কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইরান সফর করবেন। তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অঞ্চলটির উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা করতেই তেহরান সফরে যাচ্ছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শেখ মোহাম্মদ বৃহস্পতিবার তেহরানে পৌঁছে কয়েকজন ইরানি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। উত্তেজনা কমানোর উপায় এবং সংলাপের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।আনসারি জানান, বৈঠকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা এবং গত ২৮ ফেব্রুয়ারির আগের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই জলপথের কার্যক্রম ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এটিই হবে কাতারের প্রধানমন্ত্রীর প্রথম ইরান সফর। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়।এর আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। তবে হরমুজ প্রণালির কার্যক্রম নিয়ে মতপার্থক্যের কারণে ওই চুক্তির বাস্তবায়ন থমকে যায়।
গত মাসে ইরানে ফের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ওয়াশিংটনের মিত্র আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।
সূত্র : আনাদোলু এজেন্সি