বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাসা ভাড়া বাবদ যা পায়, তা দিয়ে মুরগীর খোপও ভাড়া পাওয়া যায় না। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের সঙ্গে সবসময়ই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিগত সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করনের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। শিক্ষকদের এই আন্দোলন আজকের নয়, গত বছরও এক মাসব্যাপী আন্দোলন করেছেন। সে সময় তাদের শুধু আশার বানী শুনিয়েছে সরকার।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে মান এক মানববন্ধন এসব কথা বলেন বক্তারা। বাবুগঞ্জের বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা আরো বলেন, অন্তবর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষকদের দাবী যৌক্তিক। বর্তমান সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। তাই শিক্ষকরা আশা করছে, বর্তমান সরকার তাদের দাবি মেনে নিবে। শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বেসরকারির শিক্ষকদের জন্য মানহানিকর। তারা একই পদের অধীন হয়েও বেসরকারি শিক্ষকদের নিয়ন্ত্রণ করবে, এটা প্রত্যাশিত নয়।
মানববন্ধন থেকে শিক্ষকরা বৈষম্য দূর করতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বাবুগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়স উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন প্রধান শিক্ষক সাইদুর রহমান।

এতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির বাবুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, খানপুরা আলিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, প্রধান শিক্ষক মো. সেরাজুল হক, সাইদুর রহমান, অধ্যক্ষ মো. আব্দুল হালিম, মো. ইউসুফ আলী, মো আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. বজলুর রহমান মিঠু প্রমুখ।