পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ার জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর সাবেক ল্যান্স নায়েক রাজবীর সিংহ। তার বাড়ি পাঞ্জাবের তারন তারান জেলার রসুলপুর গ্রামে। আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তসংলগ্ন হাসিমারা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, পলাতক এক সহযোগীর সঙ্গে মিলে তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন।অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার জানান, অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তার সন্ধানে পাঞ্জাব পুলিশ পশ্চিমবঙ্গে আসে।তিনি বলেন, ‘আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনী-সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।সৌমিত্র সিনহা সরকার আরও জানান, তাকে পাঞ্জাবে ফিরিয়ে নেওয়ার জন্য শিলিগুড়ির একটি আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন।পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ৮ অক্টোবর পাঞ্জাবে দায়ের করা এ মামলার এজাহারে অভিযুক্তের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে।
সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস