নিজস্ব প্রতিবেদন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেছেন, আমাদের সমাজে একটা সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে- সেটা হচ্ছে মাদক সেবনের মাত্রা। আর এই মাদক কারবারি যারা তারা সমাজে আপনার, আমাদের মাঝেই বসবাস করে। এদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।বুধবার (২৮ অক্টোবর) রাতে বরিশাল সার্কিট হাউজে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, সামাজিক প্রতিবন্ধকতার কারণে সমাজে নানাভাবে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সরকার আপনাদের এ সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। কিছু সামাজিক নিরাপত্তার মাধ্যমে আপনাদের সহায়তা করার জন্য সরকার সচেষ্ট আছেন।তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারের আয়োজনে আপনাদের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি উপহার দিচ্ছেন। আপনারা সমাজের সচেতন নাগরিক। শুধু দৃষ্টি প্রতিবন্ধকতাই আপনাদের আছে। এর বাইরে আপনার সকল ইন্দ্রিয় কাজ করে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমাদের সমাজে একটা সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে- সেটা হচ্ছে মাদক সেবনের মাত্রা। মাদক কারবারি যারা, তারা সমাজে আপনাদের আমাদের মাঝেই বসবাস করে। আপনারা এদের সম্পর্কে সতর্ক থাকবেন। এদের এই অবৈধ কাজ, ব্যবসা সম্পর্কে পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আপনার সন্তানদেরকে আপনারা নিরাপদে রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
সূত্র – কাল বেলা