এএস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম পাথরসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থানাধীন তারাটিয়া বাজার এলাকায় মো. ফরহাদ হোসেনের একটি চৌচালা টিনের ইলেকট্রিক সামগ্রীর দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। তারা কষ্টিপাথর-সংশ্লিষ্ট একটি চক্রের সদস্য বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মো. সাইদুল ইসলাম (৪১), মো. ফরহাদ হোসেন (৩৫), মো. বাবু মিয়া (৪২), মো. ফেলু মিয়া (৩১), মো. আমজাদ হোসেন (৭০), মো. জোয়াহের (৫৩), মো. সবুজ মিয়া (৪৪) মো. কামরুজ্জামান (রিপন) (৬০)।
তাদের মধ্যে চারজন দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। অন্য চারজনের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও গোপালপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।