নিজস্ব প্রতিবেদন : নারায়ণগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে জিম্মিদশায় থাকা ১০ অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ মাহমুদুজ্জামান। এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রূপসী কলাবাগান এলাকায় আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা সিরাজুল ইসলাম (২৯)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানার ছুফিবাড়ি এলাকার মৃত আকমল মিয়ার ছেলে। অন্যজন অমিত হাসান (২৩)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চলিতাবানি এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যে কোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে রূপগঞ্জের তারাব পৌরসভার উত্তর রূপসী (কলাবাগান) এলাকার মাস্টারবাড়ির একটি বাসায় নিয়ে যায় চক্রটি। সেখানে চাকরি হয়েছে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়পরে চাকরি না দিয়ে তাদের ৩ থেকে ৪ দিন ওই বাসায় আটকে রাখা হয়। এ সময় খাবার ও পানি না দিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অপহরণ চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জিম্মিদশায় থাকা ১০ অপহৃত যুবককে উদ্ধার করা হয়।র্যাব কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের জিম্মি করে অর্থ আদায়ের উদ্দেশ্যে চক্রটি তাদের ওপর নির্যাতন চালাচ্ছিল। দ্রুত অভিযান পরিচালনা করে চক্রটির মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার এবং জিম্মিদশায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র – কাল বেলা