মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবোযান বা ডুবো ড্রোন বিকল হওয়ার কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে তারা একটি মার্কিন ডুবোযান জব্দ করেছে।মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিকল হওয়া যানটি পুরোনো মডেলের এবং এতে কোনো গোপনীয় সোনার সরঞ্জাম ছিল না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্রও আল জাজিরাকে জানিয়েছেন, প্রায় এক দিন আগে ওই ডুবোযানটি মধ্যপ্রাচ্যে পানির জরিপ চালানোর সময় বিকল হয়।তবে মার্কিন কর্মকর্তারা কেউই ইরান ওই যানটি জব্দ করেছে কি না, তা নিশ্চিত করেননি। কোথায় এটি বিকল হয়েছিল, সেটিও জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার আইআরজিসির নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে গোয়েন্দা ও সামরিক অভিযান চালানোর সময় ভোরে তারা একটি মার্কিন চালকবিহীন ডুবোযান জব্দ করেছে।তেহরানের দাবি, এটি মার্কিন বাহিনীর অন্যতম অত্যাধুনিক ডুবোযান এবং ২০২৫ সালে এটি মার্কিন সামরিক বহরে যুক্ত করা হয়।
ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ডুবোযান সমুদ্রের নিচে গোয়েন্দা নজরদারি, সমুদ্রতলের মানচিত্র তৈরি, মাইন শনাক্ত করা এবং সাবমেরিনের তার ও পাইপলাইনের মতো অবকাঠামো পরিদর্শনে ব্যবহার করা যায়।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি