রাশিয়ার রাতভর চালানো হামলায় ইউক্রেনে চারজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়াসকে শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রাশিয়ার হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর ওলেক্সান্ডার হানঝা টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।এদিকে, কিয়েভ অঞ্চলের বরিসপিল শহরে রুশ হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর তিমুর তকাচেঙ্কো।
তকাচেঙ্কো জানান, হামলায় একটি নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া ১২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য ধাতব পণ্যের অন্যতম বড় দুই সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাইকোলাইভ, ওদেসা ও কিয়েভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সরবরাহ ও পরিবহনসংক্রান্ত কেন্দ্র, একটি শুকনো পণ্যবাহী জাহাজ, দুটি জ্বালানি সংরক্ষণ ও বিতরণ স্থাপনা এবং একটি ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্রকে এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়।এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের ৫৩টি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মস্কোয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সম্ভাব্য সফরের সময় কিয়েভ ‘রাশিয়ার আকাশসীমার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করবে’।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। একইভাবে, রাশিয়াকেও এটি নিশ্চিত করতে হবে যে আলোচনার জন্য প্রয়োজনীয় সময় এবং এই মার্কিন সফরের সঙ্গে সম্পর্কিত আনুষঙ্গিক বিষয়গুলো সম্পন্ন করার সময় তাদের পক্ষ থেকেও কোনো বিমান হামলা হবে না।’
তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরুর পর উইটকফ ও কুশনার দুজনেই কয়েকবার মস্কো সফর করলেও তারা এর আগে কখনো কিয়েভ সফর করেননি।
২২ জানুয়ারি তাদের সর্বশেষ সফর ছিল। ওই সফরে তারা ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি