উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) এসএম তারেক আজিজের নেতৃত্বে এএসআই (নিঃ) আবদুল আলী, এএসআই (নিঃ) অন্তর আহমেদ এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ধামুরা এলাকায় আজ রবিবার ভোর সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পশ্চিম ধামুরা গ্রামের বাসিন্দা মো. আনিস হাওলাদার (৪০), পিতা: আরশেদ হাওলাদার এবং হাফিজা বেগম (৪৫), স্বামী: মৃত শাহে আলম হাওলাদার।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো রকিবুল ইসলাম জানান , মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।