এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ, গ্রেড-২ পদমর্যাদা
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম (টিপু)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০-এর ধারা ১৯(২) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী রওনাকুল ইসলাম টিপুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ দায়িত্ব গ্রহণ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে এবং চুক্তির মেয়াদ হবে এক বছর। তিনি গ্রেড-২ পদমর্যাদায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট দেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী রওনাকুল ইসলাম টিপুর এই নিয়োগ প্রতিষ্ঠানটির চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।