আন্তর্জাতিক : লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি। তার মতে, দুই মহাদেশের চ্যাম্পিয়নদের এই লড়াই মেসিকে সম্মান জানানোর আদর্শ মঞ্চ হতে পারে।
রেডিও মিত্রে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি নতুন এক আবেগ তৈরি করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, এমন একটি ম্যাচ দিয়েই কেন মেসিকে বড় ধরনের বিদায়ী অভ্যর্থনা দেওয়া যাবে না।
এর আগে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী দলের এই লড়াই নানা জটিলতায় মাঠে গড়ায়নি। রাষ্ট্রদূতের মতে, ভবিষ্যতে এই ম্যাচ আয়োজন করা গেলে তা ফুটবলের জন্য বিশেষ এক ঘটনা হয়ে উঠতে পারে।
স্পেনের বিশ্বকাপ জয়ের প্রশংসা করে আরিস্তেগি বলেন, দলটি খুবই সংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলেছে। বিশ্বকাপ শেষে স্পেন দলের সংবর্ধনাতেও অংশ নিয়েছেন তিনি।
বার্সেলোনার সমর্থক হিসেবে নিজের পরিচয় দেওয়া এই কূটনীতিক মেসির সাবেক ক্লাব নিয়েও কথা বলেন। তার মতে, মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, কার্লেস পুয়োল, জেরার্ড পিকে ও জাভির নেতৃত্বে বার্সেলোনার দীর্ঘ আধিপত্য প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল।
মেসি কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার সম্ভাব্য বিদায়কে ঘিরে এরই মধ্যে একটি বিশেষ ম্যাচের ভাবনা সামনে আনলেন স্প্যানিশ রাষ্ট্রদূত।