মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে সোহরাফ জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাফ জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সোহরাফ জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে গরু খুঁজতে যান। এসময় আকর্ষিক বজ্রপাতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় পরিবারে শোকের মাতন চলছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে সোহরাফ নামে একজন হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।