পেজেশকিয়ানের পদত্যাগের গুজব নাকচ, দায়িত্বে বহাল ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোও যথারীতি চলমান রয়েছে।
তাসনিমের বরাতে একটি সূত্র জানায়, “প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি আজও স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যত কর্মসূচিগুলোও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে।”
একই সূত্র দাবি করে, ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এমন দাবি প্রকাশ করে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
তবে তাসনিম নিউজের সূত্র ওই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, “ইরান ইন্টারন্যাশনাল যেসব তথাকথিত সূত্রের কথা উল্লেখ করেছে, সেগুলো মূলত নেটওয়ার্কটির দায়িত্বশীল ব্যক্তিদের কল্পনা ও ভ্রান্ত ধারণার ফল।”
এদিকে ইরান সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টের পদত্যাগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মহলে নানা আলোচনা অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দায়িত্বে বহাল রয়েছেন।