কাউখালী প্রতিনিধি:পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তার রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তার অসুস্থতার খবরে সহকর্মী ও স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতেও অফিসের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, এলাকায় এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমা রানী দাস দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।