স্টাফ রিপোর্টার:- আল ইমরান : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদ ও অবৈধ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
অভিযানে মজুদ রাখা জ্বালানি তেলসহ আটক হন কাশিয়ানীর দইসারা গ্রামের ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা (৬০)। তার দোকান থেকে ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করায় তিনি মুক্তি পান।
একই অভিযানে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে আরেক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৯) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, জব্দকৃত জ্বালানি তেল আগ্রহী কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে এনএসআই ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।