বরিশালের সাংবাদিক আরেফিন তুষার আর নেই
নিজস্ব প্রতিবেদক:বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক কালবেলা-এর বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক আরেফিন তুষার আর নেই। গতকাল সোমবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়েছে।
আরেফিন তুষার ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন-এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ-এ চিফ রিপোর্টার হিসেবে যোগ দেন। ২০১৪ সালে তিনি দৈনিক বরিশালের ভোরের আলো-তে যুগ্ম বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৮ সালে দৈনিক দক্ষিণের মুখ-এর বার্তা সম্পাদক হিসেবে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি ২০২০ সালে তিনি দৈনিক ঢাকা টাইমস-এর বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের অঙ্গীকার-এর সম্পাদক ও প্রকাশক এম. খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।