আওয়ামী লীগের গণহত্যার বিচার ও জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবি
মো.রফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক :: ঢাকা ১৩ জুলাই ২০২৫ (রবিবার) আওয়ামী লীগের গণহত্যার বিচার, ২৪ গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, এবং জুলাই-অগাস্ট বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে অদম্য ২৪ স্মৃতি ফাউন্ডেশন।
সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন মিরার সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেরিন হাসান খান, অন্যতম নেতা সিরাজুল ইসলাম, ‘জুলাই যোদ্ধা’ আল আমিন, জুলাই যোদ্ধা’ রবিউল ইসলামসহ আরও অনেকে।
ইঞ্জিনিয়ার মেহেরিন হাসান খান তার বক্তব্যে বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আওয়ামী লীগের অবিচার ও গণহত্যার দায়ে দলটিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সভাপতির বক্তব্যে আল আমিন মিরা বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোর ভূমিকা স্পষ্ট। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার ওপর যারা হামলা ও মামলা চালিয়েছে—তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার ভূমিকাও সন্দেহজনক। ছাত্রদের নাম ভাঙিয়ে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কিংবা সমন্বয়কতন্ত্রের নামে নিয়োগ ও তদবির বাণিজ্য চলছে—এটা অবিলম্বে বন্ধ করতে হবে।
মানববন্ধনে ২৪ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত পরিবারের সদস্য, এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।