রিকশার ওপরেই মৃত্যু, না-ফেরার দেশে রিকশাচালক
নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলবেলা এক পথচারী তাকে রিকশার উপর ঘুমন্ত অবস্থায় দেখতে পান। প্রথমে ধারণা করা হয়, হয়তো সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছেন তিনি।
কিন্তু ঘণ্টা দুয়েক পরও যখন তার অবস্থানে কোনো পরিবর্তন আসে না, তখন সন্দেহ হলে এক পথচারী এগিয়ে যান। গায়ে হাত রাখতেই বোঝা যায়—তিনি ঘুমিয়ে নেই, বরং নিঃশব্দে না-ফেরার দেশে চলে গেছেন।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে রিকশার উপরেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনো মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল লুঙ্গি, শরীরে কোনো জামা ছিল না, পাশে একটি খাকি রঙের শার্ট পড়ে ছিল।

ঘটনাটি দেখে এলাকাজুড়ে এক ধরনের বেদনাবিধুর পরিবেশ তৈরি হয়েছে। একজন পরিশ্রমী দিনমজুরের এমন নিঃসঙ্গ ও নিঃশব্দ মৃত্যু হৃদয় ছুঁয়ে গেছে অনেককে।
মানবিক আবেদন:
যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিবারের কোনো খোঁজ জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।