কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজর আলী ওরফে ফজল (৬৩) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া, এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আরও চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী এক প্রবাসীর স্ত্রীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে এবং গণপিটুনি দেয়।
পরবর্তীতে কিছু স্থানীয় ব্যক্তি ঘটনাটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি ভাইরাল হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
২৭ জুন মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১৮)। মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় যারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাদের মধ্য থেকে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার গণমাধ্যমে বলেন, “আইনের বাইরে কেউ নয়। অপরাধীদের পাশাপাশি যারা ভিডিও ছড়িয়ে আইন লঙ্ঘন করেছেন, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।”