কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির অনুমোদনে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সিকদার এবং সদস্য সচিব হয়েছেন এম আনোয়ার হোসেন। উপজেলা কমিটিতে মোট ৪১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
অন্যদিকে, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মামুদ সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসিন উজ্জামান। পৌর কমিটিতেও সদস্য সংখ্যা ৪১ জন।
নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ডা. ইসরাক আহম্মেদ সিদ্দিকী বলেন,”দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের মূল মাপকাঠি ছিল ত্যাগী, পরীক্ষিত এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন। যারা মাঠে ছিলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য—তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা ও সাংগঠনিক অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়েছে।”তিনি আরও বলেন,
এই কমিটি বিএনপির ভবিষ্যৎ আন্দোলন, সংগঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”নবগঠিত কমিটি ঘোষণার পর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।