জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়
নিজস্ব প্রতিবেদক: অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তবে আপনাদের পরিণতি হবে হাসিনার সরকারের মতোই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ইতিহাস তার প্রমাণ দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া যাবে না।
তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বতী সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তবে আপনাদের পরিণতি হবে হাসিনার সরকারের মতোই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ইতিহাস তার প্রমাণ দিয়েছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা দ্বৈতনীতি ও স্বার্থান্বেষী রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান, মো. মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য মো. হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র – বণিক বার্তা