রাবি শিক্ষার্থীদের ‘বিকেন্দ্রীকরণ বাংলাদেশ’ দাবি, দুই দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র প্রভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
সরকারি গুরুত্বপূর্ণ পদে ঢাকাকেন্দ্রিক আধিপত্য কমিয়ে রাষ্ট্রক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) রাবির শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়নের জন্য দুই দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ আন্দোলনের ব্যানারে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাবির স্যুভেনির শপের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদী সজীব। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো এখনো গড়ে ওঠেনি। পিএসসি, ইউজিসি ও অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ পদে এখনো ঢাকাকেন্দ্রিক আধিপত্য বজায় রয়েছে। এতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন, যা অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনের পথে বাধা সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র প্রভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
মেহেদী সজীব জানান, আগামী দুই দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। তারা বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এ দেশে আমরা আর কোনো বৈষম্য, স্বেচ্ছাচারিতা বা আধিপত্যবাদ মেনে নেব না। এই গণআন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সালমান সাব্বির, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রেজা, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম শহীদ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলামসহ আরো অনেকে।
সূত্র – বণিক বার্তা