নিজস্ব প্রতিবেদন : সুনামগঞ্জের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রত্যাহার করে কাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুর্নীতি ও অনিয়মসহ নানা কারণে আ ফ ম আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই আলোচনায় ছিলেন। গত ৫ ফেব্রুযারি এক শিক্ষার্থী তাকে স্যার না ডাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র নেতার সঙ্গে অসদাচরণ করেছিলেন।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ছাড়াও এসপি আ ফ ম আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। ওসিদের পোস্টিং দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বালু ও পাথর মহাল থেকে চাঁদা আদায়, অবৈধভাবে ভারত থেকে আসা পণ্যের সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় এবং মামলা দিয়ে ওপেন চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ আছে।
সূত্র – কালের কন্ঠ