তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে বড়ইতলী এলাকার বটতলা মন্দিরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মন্দির কর্তৃপক্ষের কাছে থেকে জানা যায়,পূজার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মন্দির তালা লাগিয়ে চলে যান পুরোহিত ও সংশ্লিষ্টরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গেট টপকে মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে ফেলে। তারপর সেগুলোর টুকরো মন্দিরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায়।মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী বলেন,ভোরে এসে দেখি প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানাই।ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মাহমুদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।এ ঘটনার পর এলাকায় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজে শান্তি ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে।এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।