জিম্বাবুয়েকে ৩০৪ রানের টার্গেট দিল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক।
বুলাওয়েতে আজ বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে ৩০৩ রান তুলেছে পাকিস্তান। ৩০৪ রানের টার্গেটে জিম্বাবুয়ে ২ ওভারে বিনা উইকেটে তুলেছে ৬ রান। প্রথম ওয়ানডে ম্যাচটি ডিএলএস মেথডে জিতে নেয় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। সিরিজে আসে সমতা। আজ তৃতীয় ম্যাচে আরো অপ্রতিরোধ্য পাকিস্তান। কামরান গুলামের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে সফরকারী দলটি তিনশোর্ধ্ব সংগ্রহ গড়ে। কামরান ৯৯ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০৩ রান করেন। আগের ম্যাচে ৬২ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস খেলা সাইম আইয়ুব আজ ৩১ রান করে ফিরেছেন সাজঘরে। তিনি ওপেনিং জুটিতে আব্দুল্লাহ শফিককে নিয়ে ৫৮ রান তুলেছেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। কামরানকে নিয়ে ৫৪ ও রিজওয়ানকে নিয়ে ৮৯ রানের দুটি কার্যকর জুটি গড়েন কামরান।
এছাড়া আব্দুল্লাহ শফিক ৫০, মোহাম্মদ রিজওয়ান ৩৭, সাইম আইয়ুব ৩১ ও সালমান আগা ৩০ রান করেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।
সূত্র – বণিক বার্তা