ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃ*ত্যু
নিজস্ব প্রতিবেদক।
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার হায়দারনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার কোচারপাড়া গ্রামের নূর বক্কর মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৫)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, অটোভ্যানে সিমেন্টের খুঁটি নিয়ে যাচ্ছিলেন চালক ইউসুফ আলী। উপজেলার হায়দারনগর এলাকায় ভ্যানটি পৌঁছলে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইউসুফ আলী নিহত হয়। দুর্ঘটনার পরে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়েছে তবে কার্ভাড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র – বণিক বার্তা