পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্গাপূজা শান্তি-শৃঙ্খলা ভাবে উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন মোঃ আনাস, সিরিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান, কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সংখ্যালঘু বলতে কোন জাতি নেই, আমরা সবাই বাংলাদেশী। নিজেদের স্বার্থে সারাক্ষণ পূজা মন্ডপে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা বিএনপি’র উদ্যোগে প্রতিটি মন্দিরে ১০ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি ।তারা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করবে। উপজেলা বিএনপির আহবায়ক আহসান কবির বলেন, আমরা সার্বক্ষণিক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে হয়। এ ব্যাপারে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করব। ক্যাপ্টেন আনাস বলেন, সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে আছে। যদি কোন সমস্যার সৃষ্টি হয়,আমরা জানামাত্র তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। ওসি মোঃ সোলায়মান বলেন, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা সার্বক্ষণিক তৎপর আছি। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমরা মন্দিরগুলো পরিদর্শন করেছি এবং সরকারের পক্ষ প্রতিটি মন্দিরে ৫০০ কেজি জিআর চাল বিতরণ করা হয়েছে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি উপজেলার ২৪টি পূজা মন্ডপে ১৫৮ জন আনসার দায়িত্ব পালন করবেন।