পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের আয়োজনে ৭ অক্টোবর সোমবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মোঃ রিয়াজুল হক, ইজিএস শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ তানভীর আহমেদ, নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্রশীল, কেউন্দ্রীয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী তিনটি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।