পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির অজুহাতে সবজির দাম বৃদ্ধি, সাধারণ ক্রেতারা বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে। অন্যদিকে বাজার মনিটরিং দুর্বল থাকার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম। দেখা কেউ নেই? সাধারণ ক্রেতারা অসহায়। প্রতিটি মানুষ বাজার করতে গিয়ে হতবাক। এত দাম দিয়ে কিভাবে সবজি ক্রয় করবে। ক্রেতারা আক্ষেপ করে বলেন, কোন দেশে বাস করছি, সামান্য একটু সবজিও কিনতে পারছি না। মাছ-মাংসের কথা বাদই দিলাম। শুক্রবার ৪ অক্টোবর সকাল সাড়ে দশটায় উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে সরেজমিনের গিয়ে দেখা গেল প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম ক্রেতাদের নাগালের বাহিরে । অনেকেই বাজার না করে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফেরত যাচ্ছে।
প্রতি কেজি বেগুন ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ২০০ টাকা, বরবটি ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, রেহা ৬০ টাকা, পাতাকপি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর গাড়ি ৬০ টাকা, আলু ৫৫ টাকা, করলা ৭০ টাকা,পটল ৫০, ছোট এক পিস লাউ ৮০ টাকা, এক আটি লাউ শাক ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার করতে আসা ক্রেতা সরোয়ার হোসেন বলেন, বর্তমানে বাজারে যেভাবে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে তাতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ভোগান্তির শেষ নেই।
এত দাম দিয়ে আমরা কিভাবে ক্রয় করব আক্ষেপ করে বলেন রিকশাচালক লিটন হোসেন। দিনমজুর শুকুর আলী বলেন, অনেক আগে থেকেই মাছ মাংসের দাম আমাদের নাগালের বাহিরে চলে গেছে। এখন একটু তরকারি কিনব তাও কিনতে পারছি না। সবজি বিক্রেতা কাবুল হোসেন জানান, বাজারে সবজির সরবরাহ কম, আমাদের বেশি দামে ক্রয় করতে হয়, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দক্ষিণ বাজারের সবজি বিক্রেতা আল আমিন হোসেন জানান, স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কম হওয়ায় বাজারে সবজির দাম একটু বেশি। ভুক্তভোগীরা জানান, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মুনাফার লোভে বাজারে অশান্তি সৃষ্টি করছে। সিন্ডিকেট না ভাঙতে পারলে কোন কিছুই নিয়ন্ত্রণে আসবে না। সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, বাজার মনিটরিং জোরদার করা সহ যারা সিন্ডিকেট করে ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমরা বাজার মনিটরিং জোরদার করার চেষ্টা করছি। আশা করি কিছুদিনের ভিতরেই বাজার দর নিয়ন্ত্রণে আসবে।