পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘লাখো ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো।
শেখ হাসিনা পালানোর চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। ’মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২ টায় পিরোজপুর সদর উপজেলা সার্কিট হাউস এ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও তাদের স্বজনরা আল্লাহর কাছে সম্মানিত, শহীদরা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন।’ জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারী জহিরুল হকের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘সারাদেশের ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ।
শেখ হাসিনা নিজেই বলেছেন, তার পিয়ন চার শ’ কোটি টাকার মালিক। পিয়ন যদি চার শ’ কোটির মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত হাজার কোটি টাকার মালিক? তার নিজের হাতে অর্থপাচারের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সাবেক সদর উপজেলা আমীর মাওলানা আ: হালীম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বীন সাঈদী ও জিয়ানগর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ বীন সাঈদী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারের মাঝে ০৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জেলার মঠবাড়িয়া উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদ মো: মামুন খোন্দকারের পক্ষে স্ত্রী সাথী বেগম ও শহীদ ড্রাইভার বাদশা মিয়ার পক্ষে পিতা আ: মজিদ এবং ভান্ডারিয়া উপজেলার শহীদ মো: এমদাদুল হকের পক্ষে পিতা মো: সোবাহান হাওলাদার ও শহীদ মো: রফিকুল ইসলাম মিঠুর পক্ষে পিতা মোশাররফ হোসেন ফকির চেক গ্রহন করেন।