কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে জনজীবন স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য, সরকারি বেসরকারি অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে পিরোজপুরে কাউখালীতে জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আনন্দ মিছিল, মোটরসাইকেলের শোভাযাত্রা করেছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। মানুষের মধ্যে আতঙ্ক কেটে গেছে। যানজট নিরসনে ছাত্ররা কাজ করছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জামায়াত, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাত হলে বিভিন্ন গ্রাম-গঞ্জ পাড়া মহল্লায় পাহারা দিচ্ছে। বর্তমান পরিস্থিতি ও শান্তি রক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগঞ্জে মত বিনিময় সভা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতিমধ্যে থানা পুলিশ সদস্যরা কাজে যোগদান করতে শুরু করছে।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সহ সেনাবাহিনী বিভিন্ন সময় কাউখালী বিভিন্ন স্পটে টহল দিতে দেখা যাচ্ছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, কাউখালী শান্তি প্রিয় এলাকা। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।