মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে সাপের কামড়ে তানজিলা (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। তানজিলা গাছুয়া ইউনিয়নের পদ্মারহাট এলাকার আব্দুল হাকিম সরদারের মেয়ে এবং একই উপজেলার সাদ্দাম হোসেনের স্ত্রী।
আব্দুল হাকিম সরদার জানান, তার মেয়ে বুধবার রাতে বাইরে বের হলে সাপে কামড় দেয়। বিষাক্ত সাপের কামড়ে শঙ্কায় সবাই দিশেহারা হয়ে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়-ফুকের চিকিৎসায় অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল হোসেন বলেন, সাপে কামড়ে আহত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।