নিজস্ব প্রতিবেদন : ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির ময়দানে এক শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।তিনি বলেন, ‘গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন জোটের প্রলোভন উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দেশের রাজনীতিতে এক শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থানে পৌঁছেছে।’এমপি-মন্ত্রী বা ক্ষমতার ভাগ বাটোয়ারা নয়, বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (০১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।এসময় চরমোনাই পীর আরও বলেন, “ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমাদের মানবতা রক্ষার জন্য আর কতদিন সেই মায়ের কান্না আমরা শুনব? ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমরা জানি ভালো ফল পেতে আমাদের সময় লাগবে, তবুও আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং ইসলামের কল্যাণের জন্য।”দেশের ইসলামপন্থি দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তোবা ২০-৩০ জন এমপি, দুয়েকজন মন্ত্রী পেতে পারত— সেটা যদি প্রয়োজন হতো বা আমাদের লক্ষ্য থাকত, তাহলে জামায়াতের সঙ্গে থেকে আমাদের কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদেরকে সে প্রস্তাব দিয়ে রক্ষা করতে রাজি। আওয়ামী লীগও সে প্রস্তাব দিয়ে রেখেছে।”তিনি বলেন, ‘ক্ষমতার মোহে না পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জনগণের ভোটাধিকার এবং ইসলামের পক্ষে এককভাবে মাঠে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সাড়ে বাইশ লাখ একক ভোট পাওয়ার বিষয়টি আমাদের একটি বড় অর্জন।’
বরিশালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল সাংগঠনিক কেন্দ্র উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘বরিশালের মধ্যে একজন ব্যক্তিও যেন ইসলামী আন্দোলনের বাইরে না থাকেন।’ দেশে স্থায়ী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বানও জানান তিনি।ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জামিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহসভাপতি মাসছুল আলম মিলন প্রমুখ।পরে প্রধান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উদ্বোধন করেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দলটির দাওয়াতি কার্যক্রম এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
সূত্র – কাল বেলা