কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় টিচার ইউনাইটেড একাদশ ৫-২ গোলের বড় ব্যবধানে সেন্ট্রাল কমান্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন এজাজ আহমেদ। ম্যাচটি পরিচালনা করেন রেফারী রফিকুল ইসলাম।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, প্রধান শিক্ষক আল মামুন, জাহানারা খাতুন এবং সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ করসহ স্থানীয় শিক্ষক মন্ডলী ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।