সাবেক সভাপতি দবিরুল ইসলাম উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন মেহেদী ভাইস প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশন (BIPF)-এর সৌদি আরবের রিয়াদ শাখার ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিলুপ্ত রিয়াদ শাখা কমিটির সাবেক সভাপতি মো. দবিরুল ইসলামকে BIPF-এর স্থায়ী কমিটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন মেহেদীকে স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের আলোচনা এবং স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে রিয়াদ শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সৌদি আরবের রিয়াদ শাখায় নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন ও ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
BIPF-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজী এবং ভাইস চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত ও নির্দেশনার বিষয়টি জানানো হয়।
সংগঠনের সংশ্লিষ্টরা মনে করছেন, স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া মো. দবিরুল ইসলাম ও ইমরান হোসেন মেহেদী তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।