নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবি (২৩ আগস্ট) ও সোমবার (২৪ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় তাদের ৩ দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। সাজা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে ফৌজদারি মামলায় মোশারফ (৪২) ও হাসান (৩৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত পৌনে ১টার দিকে বারইয়ারহাট বাজারের রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে (২৩) সোমবার রাত ১টা ৪০ মিনিটে উপজেলার গেরামারা এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সূত্র – কাল বেলা