ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
নিজস্ব প্রতিবেদক |দিনাজপুরের বিরামপুরে অবস্থিত একুয়া থিম পার্কের সুইমিং পুলে একটি সাপ দেখা যাওয়ার ঘটনায় দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে থাকা কয়েকজন পর্যটক পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম রাজু-এর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একুয়া থিম পার্কের নির্মাণকাজ শেষে ২০২৪ সালে উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতি দর্শনার্থীর প্রবেশমূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুইমিং পুলের এক পাশে কয়েকজন পর্যটক গোসল ও সাঁতার কাটছেন। ঠিক সেই সময় পুলের অন্য পাশে একটি সাপ পানির মধ্যে চলাচল করছে। বিষয়টি নজরে আসতেই উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, আশপাশে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ থাকায় সাপটি পুলে প্রবেশ করে থাকতে পারে।
এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুইমিং পুল ও পার্ক এলাকায় নিয়মিত তদারকি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।