মুলাদীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে অভিযুক্ত মো. জাহিদ খলিফা (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের সেকেন্দার খলিফার ছেলে এবং হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন জাহিদ। পরে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে তিনি তা অস্বীকার করেন। এরপর রোববার সকালে ভুক্তভোগী তরুণী মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় জাহিদ খলিফাকে এবং সহ-আসামি করা হয় তাঁর বড় ভাই নাঈম খলিফাকে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি জাহিদ খলিফাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় আনা অভিযোগের বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।