শনিবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় টাইব্রেকারে বন্ধু মহল একাদশকে পরাজিত করে বন্ধু বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এবং হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাঠমুখী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।