কোটি টাকার জুতা আত্মসাৎ: ফরচুন বরিশালের মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক │ দৈনিক আজকের শিরোনাম
বরিশাল:ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার জুতা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার যৌথ টিম। এ সময় জব্দ করা হয় দুটি কভার্ড ভ্যান।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন— বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রাজকর খান বাড়ির আব্দুর রব খানের ছেলে জামাল হোসেন (২৯) এবং ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)।
ফরচুন সুজ লিমিটেডের জ্যেষ্ঠ হিসাবরক্ষক কর্মকর্তা জাহিদ হাসান বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, নেদারল্যান্ডে রপ্তানির জন্য পাঠানো ১০ হাজার ৮১২ জোড়া জুতা আত্মসাৎ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আসামিরা। এসব জুতার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বুধবার রাতে মামলাটি দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামেন পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরষিত মণ্ডল বলেন, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।”
শুক্রবার বিকেলে আসামিদের বরিশালে আনা হয়। পুলিশ জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।