কক্সবাজারে ভুয়া দন্তচিকিৎসককে জরিমানা, প্রতিষ্ঠান সীলগালা
নিজস্ব প্রতিবেদক ::আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত “মডেল ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, জনৈক রমিজ উদ্দিন রোগীর দাঁতের চিকিৎসা দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ডেন্টাল টেকনিশিয়ান পরিচয় দেন এবং জানান যে নিয়মিত চিকিৎসক শামীম রাব্বি ছুটিতে থাকায় তিনি রোগী দেখছেন। তবে তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানে কোনো চিকিৎসকের উপস্থিতি বা চুক্তিপত্র নেই এবং সিসিটিভি ফুটেজেও রমিজ উদ্দিনের দাবির কোনো প্রমাণ মেলেনি।
সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে। রমিজ উদ্দিন নিজেই দাঁত স্কেলিং, রুট ক্যানাল, ক্যাপ বসানোসহ বিভিন্ন চিকিৎসা দিচ্ছেন এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। উপস্থিত রোগীরা জানান, তারা রমিজ উদ্দিনকেই ডাক্তার ভেবে চিকিৎসা নিয়েছেন।
এ পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার করে প্রতারণার দায়ে রমিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সীলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, মেডিকেল অফিসার স্মৃতি সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জওহরলাল পাল, আব্দুর রহিম, আনসার বাহিনীর সদস্যবৃন্দ ও জেলা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেন্টাল চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে লাইসেন্সিং এর আওতায় আনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।