নিজস্ব প্রতিবেদন : গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।দগ্ধরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, ১৮ বছর বয়সী রোজিনা এবং এক বছর বয়সী শিশু মো. রহিম।
সূত্র জানায়, অগ্নিকাণ্ডে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, রোজিনার ১ শতাংশের কম এবং শিশু রহিমের শরীরের ১ শতাংশের কম দগ্ধ হয়েছে। ঘটনার পর তাদের চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে তিনি জানতে পেরেছেন, অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হওয়ায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে গ্যাস লিকেজের সুনির্দিষ্ট কারণ এবং আগুন লাগার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।
সূত্র – কাল বেলা