স্টাফ রিপোর্টার:- আল ইমরান : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিনব কায়দায় পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের পাকস্থলী থেকে ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় র্যাব-৬ ও র্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পাকস্থলী থেকে মোট ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর একটি সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব এই পদ্ধতিতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের কাশিয়ানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।