বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ সবুজ (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক সবুজ কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুজাহার চৌকিদারের ছেলে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সবুজের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ ভুতেরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের জন্য রাখা বালু স্থানীয় কয়েকটি বসতবাড়ির চলাচলের রাস্তার পাশে ফেলার ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে সবুজসহ কয়েকজনের বিরুদ্ধে । স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থেকে সবুজ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।