নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহের সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবজু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার খাগডহর ইউনিয়নের খাগডহর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবজু (২৫) ওই গ্রামের জজ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খাগডহর মধ্যপাড়ার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার সময় আরিফ তাকে দলে নেওয়ার কথা বললে শাকিব নামে আরেক কিশোরও তাকে দলে নেওয়ার কথা জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আরিফ মাঠের একপাশের বাঁশের গোলপোস্ট তুলে ফেলেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আরিফ ও শাকিব হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
বিষয়টি আরিফ বাড়িতে গিয়ে জানালে তার পক্ষের লোকজন শাকিবের এলাকায় যান। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বাবজুসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাবজুকে মৃত ঘোষণা করেন।কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র – কাল বেলা