নিজস্ব প্রতিবেদন : সাভারে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের হাকিমপুর থানার মহেশপুর-বাওনা গ্রামের মৃত আব্দুল গোফফারের ছেলে রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী গ্রামের জাহিদুল সরকারের ছেলে সজীব সরকার (২০)। তারা সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ভাড়ায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই অভিযানে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর জব্দ করা হয়েছে।ডিবি আরও জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতে পাঠালে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।
সূত্র – কাল বেলা